সিরিয়া সংকট নিয়ে আবারো আলোচনায় বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৬:২৫

সিরিয়ায় দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পৃথক ভাবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে।  বিমান হামলার সময় ‘সম্ভাব্য দুর্ঘটনা’ এড়াতে আবারো আলোচনায় বসছে দুই পরাশক্তি।


মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রেস সচিব পিটার কুকের বরাত আজ শনিবার বিবিসি এ খবর প্রকাশ করে। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই এ আলোচনা হতে পারে। দুই দেশই সিরিয়ায় পৃথকভাবে বিমান হামলা চালাচ্ছে। বিমান হামলার সময় দুই দেশের মধ্যে দুর্ঘটনাবশত সংঘাত হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে হামলার ছক নিয়ে এ আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।


এদিকে রুশ বিমান তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করেছে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছিলেন, সিরিয়ায় রুশ বিমানের সঙ্গে সংঘাত এড়াতে তাদের অন্তত একটি ‘পৃথক নিরাপদ’ রণকৌশল প্রয়োগ করতে হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা জানান, ১ অক্টোবরের পর এ ঘটনা ঘটেছে। তবে তারা নির্দিষ্ট কোনো দিনের কথা বলেননি।

এর আগে, ১ অক্টোবর যুক্তরাষ্ট্র ও রাশিয়া আকাশ সীমায় নিরাপত্তা নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনাও করেছিল। তবে এরপর থেকে মস্কোর তরফ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ ওয়াশিংটনের। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে এবং যোগাযোগের জন্য কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ও ভাষা ব্যবহার করা হবে আলোচনায় মূলত এ বিষয়গুলো স্থান পাবে।

সিরিয়ায় ইসলাসিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা চালাচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছে।
তবে রাশিয়া আইএস নয়, বরং আসাদবিরোধীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি।