মুখ থুবড়ে পড়েছে ঐশ্বরিয়ার 'জজবা'

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৭:৪৩
 
প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে ঐশ্বরিয়ার কামব্যাক ফিল্ম 'জজবা'। এনডিটিভির খবর, প্রথম দিনে ছবিটি মাত্র পৌনে চার কোটি রুপি আয় করতে পেরেছে। তবে এর সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে শনিবারের ওপর। এদিনও যদি ছবিটি দর্শকদের হলে টানতে ব্যর্থ হয় তবে বহু প্রতীক্ষিত ছবিটিকে 'ফ্লপ' বলা ছাড়া আর হয়তো কোন উপায় থাকবে না।
 
এবছর সবচেয়ে কম আয় করা 'কাট্টি বাট্টি' ও 'হিরো'র চেয়েও পিছিয়ে রয়েছে 'জজবা'। আর এ বছরের সবচেয়ে বেশি আয় করা সালমান খানের 'বজরঙ্গি ভাইজান' (প্রথম দিনে আয় ২০ কোটি রুপি) এর চেয়ে যোজন যোজন পেছনে রয়েছে ছবিটি।
 
এর আগে সর্বশেষ ২০১০ সালে ঐশ্বরিয়াকে 'গুজারিশ' ছবিটিতে দেখা গিয়েছিল। সেটিও প্রথম দিনে চার কোটি রুপি আয় করে। সন্তান আরাধ্যের জন্মের দীর্ঘ পাঁচ বছর পর জজবা দিয়ে রূপালি পর্দায় ফিরেছেন ৪১ বছরের এই অভিনেত্রী।