জার্মানিতে শরণার্থীদের থাকার জন্য দেয়া বাড়িগুলোতে এবছর প্রায় পাঁচশ হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালের চেয়ে এই সংখ্যাটি প্রায় তিন গুণ বেশি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী সংগঠনগুলো এই হামলার সাথে জড়িত বলে ধারণা করা হয়।
এই হামলার ঘটনাগুলোকে দেশের জন্য 'লজ্জাজনক' বলে বর্ণনা করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস মাইজিয়ের। তিনি জানান, হামলার সাথে জড়িতদের দুই তৃতীয়াংশেরই এর আগে কোন অপরাধে জড়ানোর রেকর্ড নেই।
সরকারের ধারণা এ বছর অন্তত আট লাখ শরণার্থী জার্মানিতে আশ্রয় গ্রহণ করতে পারেন। তবে শরণার্থী নেয়া নিয়ে দেশটির ভেতরেও ভিন্নমত রয়েছে। দেশটির বাভারিয়া রাজ্যের নেতারা চান শরণার্থীদের প্রবেশের ওপর বার্লিন বিধি নিষেধ আরোপ করুক। রাজ্যটির রক্ষণশীল সিএসইউ সরকার শরণার্থীদের জন্য চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের 'ওপেন ডোর' নীতির সমালোচনা করেছে যদিও দলটি আনুষ্ঠানিকভাবে সিডিইউ'র সাথে জোটবদ্ধভাবে সরকারে রয়েছে।
শরণার্থীরা ইউরোপের যে দেশে প্রথমে প্রবেশ করবে সে দেশের কাছেই আশ্রয় চাইতে হবে, ইইউ'র এমন নিয়ম থাকলেও উত্তর আফ্রিকা থেকে যাওয়া অধিকাংশই জার্মানিতে আশ্রয় পেতে ইচ্ছা পোষণ করেন। সূত্র: বিবিসি
