জাপানি হত্যা রহস্য উদঘাটনে সময় লাগবে :ডিআইজি

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ০০:৩২

‘রংপুরে জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যাকাণ্ডের ঘটনাটি স্পর্শকাতর। এক-দুই দিনে এর তদন্ত কাজ শেষ করা সম্ভব নয়। হত্যাকাণ্ডের অনেক কিছু বিষয় মিলিয়ে দেখতে হবে। তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা সময়ের ব্যাপার। যা উদঘাটনে কিছুদিন সময় লাগবে।’

 
গতকাল শনিবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা বলেন। ডিআইজি জানান, বিষয়টি এখন পর্যন্ত তদন্তাধীন। পুলিশের পক্ষ থেকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি যাতে এই হত্যা রহস্যটি খুব সহসাই উদঘাটিত হয়। পুলিশের পক্ষ থেকে অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন ধরনের গাফিলতি যেন না থাকে সেজন্য আমরা সব সময় মনিটরিং করছি। যাতে একটা সুষ্ঠু তদন্ত করা যায়।
 
বৈঠকে র্যাব-১৩ এর কমান্ডার মেজর আশরাফ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, সিআইডি’র এএসপি মমতাজুল ইসলাম, পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
 
এদিকে এই মামলায় বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে আটককৃত ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার সেলস এন্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচএম শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কোন তথ্য না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় ১০ দিনের পুলিশ রিমান্ডে থাকা বিএনপি নেতা রাশেদ-উন-নবী বিপ্লবের রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
গতকাল দুপুরে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিপ্লবকে হাজির করে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানালে বিচারক আবু তালেব আবেদন মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার বিপ্লব এবং কুনিয়োর পার্টনার হুমায়ুন কবীর হিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে হীরাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে রিমান্ডে থাকা হুমায়ুন কবীর হীরার স্ত্রী সুলতানার খালাতো ভাই অটোরিকসা চালক পাবনা থেকে আটককৃত সুইডকে রংপুরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 

প্রসঙ্গত, রংপুরের আলুটারী এলাকায় গত ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিয়ো হোশিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লবসহ ৭ জনকে আটক করে।