এই প্রজন্মের মডেল-অভিনেত্রী আইরিন সুলতানা। র্যাম্পের জমকালো মঞ্চ মাতিয়ে সুনাম অর্জনের পাশাপাশি দেশিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে বর্তমানে তিনি একজন চলচ্চিত্র নায়িকা হিসেবেই বেশি পরিচিত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ শিরোনামের নতুন চলচ্চিত্র। তার নতুন চলচ্চিত্র ও বর্তমান ব্যস্ততা নিয়ে বিনোদন প্রতিদিনের সাথে কথা বলেছেন তিনি।
বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?
নতুন অনেক কাজের প্রস্তাব পাচ্ছি, কিন্তু কোনো কাজই হাতে নিইনি। কারণ এই মাসের ২৩, ২৪, ২৫ তারিখ এসএ হক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ শিরোনামের চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ শুরু হবে। নতুন এই চলচ্চিত্রটির প্রায় বেশিরভাগ কাজ শেষ হয়েছে। তবে কিছু অংশের কাজ বাকি ছিল, সেটি কাজ এই মাসেই শেষ হবে। এই চলচ্চিত্রটির পাশাপাশি ‘তোকে হেব্বি লাগছে’ শিরোনামের চলচ্চিত্রটির কাজ এখনও করছি। এছাড়া চলতি মাসের ৩০ তারিখ আমার অভিনীত ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করার কথা চলছে।
সম্প্রতি আপনার অভিনীত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রটি নিয়ে আপনার মতামত বা দর্শকদের প্রতিক্রিয়া কেমন বলে আপনার মনে হয়?
আমার অভিনীত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ শিরোনামের নতুন চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দুই দিন হলো। আর চলচ্চিত্রটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত আমি প্রায় আটটি সিনেমা হল পরিদর্শন করেছি এবং দর্শকদের সাথে বসে চলচ্চিত্রটি দেখেছি। সেক্ষেত্রে এই চলচ্চিত্রটি প্রসঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া খুবই ভালো মনে হয়েছে আমার। এছাড়া ব্যক্তিগতভাবেও আমি এই চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী।
চলচ্চিত্রের পাশাপাশি আপনি বেশকিছু নাটকেও অভিনয় করেছিলেন। সেক্ষেত্রে আপনি কি এখন শুধু চলচ্চিত্রেই অভিনয় করবেন, নাকি চলচ্চিত্রের পাশাপাশি নাটকে অভিনয়েরও চিন্তা-ভাবনা আছে?
আমি কখনোই এক সাথে দুটি কাজ করি না। হ্যাঁ, নাটকে কাজ করেছি। যখন নাটকে কাজ করেছি তখন শুধু নাটকেই কাজ করেছি। আর যখন চলচ্চিত্রে কাজ শুরু করলাম তখন থেকে শুধু চলচ্চিত্রেই কাজ করে যাচ্ছি। আমার কাছে বড় বা ছোটপর্দা বলতে কিছু নেই। আমি একজন অভিনয়শিল্পী, আর সব পর্দাই আমার কাছে অভিনয়ের বড় প্লাটফর্ম। আমি অভিনয় করি আমার মনের ভালোলাগা থেকে, তাই যখন মনে হবে নাটকে কাজ করা উচিত তখন ঠিকই কাজ করবো। তবে এখন আমি নিজেকে চলচ্চিত্র নিয়েই বেশি ব্যস্ত রাখছি।
বর্তমান চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে একজন অভিনয়শিল্পীর পাশাপাশি একজন চলচ্চিত্র দর্শক হিসেবে আপনার মতামত কি?
একজন চলচ্চিত্র দর্শক হিসেবে বলতে গেলে আমার মনে হয় বর্তমান চলচ্চিত্রের অবস্থা অনেক ক্ষেত্রেই আমাদের ওপর নির্ভর করছে। অতীতে আমাদের দেশে এমন অনেক চলচ্চিত্র হয়েছে যেগুলো এ দেশের দর্শকরা তাদের পরিবারসহ সিনেমা হলে দেখতে যেত। এরপর অনেকদিন এই ধারাটি আর ছিল না, কেন না অনেক চরাই-উত্রাই পার করতে হয়েছে ইন্ডাস্ট্রিকে। তবে এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে আমাদের দেশে। আর তাই এখন এই দেশের দর্শকরা আবারও পরিবারের সাথে হলমুখী হচ্ছে। আর একজন চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয় দেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থা খুবই ভালো।
আপনি তো একজন র্যাম্প মডেল, সেক্ষেত্রে আপনার র্যাম্পের কাজের কি অবস্থা?
র্যাম্পে এখন মূলত স্পেশাল প্রোগ্রাম বা বড় প্রোগ্রাম ছাড়া আমি কোনো কাজ করি না। তবে র্যাম্পের ওপর আমার একটি অন্যরকম ভালোলাগা আছে।
