গুয়াতেমালা নগরীর বাইরে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। শনিবার তল্লাশী ও উদ্ধার কর্মীদের মুখপাত্র একথা জানিয়েছেন।
দমকল বিভাগের মুখপাত্র জুলিও সানচেজ ও ঘটনাস্থলে কর্মরত অন্যান্য উদ্ধারকর্মীরা বলেন, এই মুহূর্তে আমরা মোট ২৬৪ টি মৃতদেহ উদ্ধার করেছি এবং এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। আমরা নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছি। সপ্তাহান্ত জুড়ে তল্লাশী ও উদ্ধার অভিযান চলবে। তবে কর্মকর্তারা জানান,এই উদ্ধার অভিযান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে তারা সোমবার এক বৈঠকে বসবেন। ১ অক্টোবর সান্তা ক্যাটারিনা পিনুলায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এটি গুয়াতেমালা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯মাইল)পূর্বে অবস্থিত। বাসস
