কৃষ্ণা কাবেরী হত্যা: প্রধান আসামি রিমান্ডে

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৩:২৩
 
মোহাম্মদপুরের কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যা মামলার প্রধান আসামি কে এম জহিরুল ইসলামকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকার মহাগর হাকিম রাশেদ তালুকদার এই আদেশ দেন।
 
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।
 
শুনানি শেষে ঢাকার মহাগর হাকিম রাশেদ তালুকদার দুদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই কুতুবুল আলম জানান।
 
বৃহস্পতিবার জহিরুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত।
 
গত ৩০ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের বিআরটিএর উপ পরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী হত্যাকাণ্ডের শিকার হন।