মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের সালামত উল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে আগামী ২৩ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে রাষ্ট্র্পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ।
ট্রাইব্যুনাল একই মামলায় নতুন অন্তর্ভুক্ত হওয়া আসামি রমিজ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে গত ৮ অক্টোবর ১৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। ওইদিনই তদন্ত প্রতিবেদন প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করা হয়।
আসামিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তর করাসহ মানবতাবিরোধী ১৩ টি অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত তাদের অপরাধের তদন্ত শেষ করেন।
তদন্তে তাদের বিরুদ্ধে মূল একশত ৬১ পৃষ্ঠার সঙ্গে সর্বমোট চারশত ৩৯ পৃষ্ঠার নথিপত্র রয়েছে। প্রতিবেদনে ৬০ জন সাক্ষীর জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচি এবং ঘটনাস্থলের স্থির চিত্র দাখিল করা হবে প্রসিকিউশনে।
