ইসরাইলি বিমান হামলা, অন্তঃসত্ত্বা নারী ও শিশু নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৫:৪১

গাজা ভূখন্ডের উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় শিশু কন্যাসহ এক ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এই হামলায় তাদের বাড়িটি ধ্বংস হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র এক খবরে একথা বলা হয়েছে। নিহতরা হচ্ছেন নূর হাসান (৩০) ও তার মেয়ে রাহাফ হাসান (২)। চিকিৎসা কর্মীরা জানান, বাড়িটির ধ্বংসস্তুপের নিচে এখনও আরও তিন জন আটকা পড়ে আছেন। গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত জিতুন সেক্টরে এই হামলাটি চালানো হয়। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ইসরাইলে দুটি রকেট হামলার জবাবে ইসরাইল হামাসের দুটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে এ হামলা চালায়।

ইসরাইলে রকেট হামলা ছাড়াও গাজা থেকে ইসরাইলে বেশ কয়েকটি সহিংসভাবে প্রবেশের চেষ্টা চালানো হয় বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। গাজা থেকে নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি ফাঁকা মাঠে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। অপর একটি রকেটকে আকাশেই বিস্ফোরিত করে দেয় ইসরাইল। এদিকে ইসরাইলী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে সীমান্তে ৯ ফিলিস্তিনি নিহত হয়। বাসস ও বিবিসি।