আঙ্কারায় নিহতদের স্মরণে বিশাল সমাবেশ

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৮:২১
 
তুরস্কের রাজধানী আঙ্কারায় জোড়া বোমা বিস্ফোরণে নিহতদের স্মরণে রবিবার হাজার হাজার মানুষ একটি সমাবেশে যোগ দিয়েছেন। বিস্ফোরণস্থলের পাশেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবারের ওই সম্ভাব্য আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
 
এএফপি’র খবরে জানানো হয়েছে, নগরীর ট্রেন স্টেশনের বাইরে যে স্থানে শনিবার বোমা হামলা চালানো হয় তার কাছে শিহিয়ে স্কয়ারে বিক্ষোভকারীরা সমবেত হয়ে সরকারবিরোধী শ্লোগান দেন। হামলার জন্য তারা এরদোয়ান সরকারকে দায়ী করেছেন।
 
IMG0
 
শনিবারের সমাবেশের অন্যতম আয়োজক কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) অভিযোগ বোমা বিস্ফোরণের পর পুলিশ তাদের নেতাদের ওপর হামলা চালয়। সেসময় তাদের ঘটনাস্থল ত্যাগ করতে বাধা দেয়া হয় বলেও অভিযোগ দলটির।
 
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। হামলার সাথে ইসলামিক স্টেট, কুর্দি চরমপন্থীদের কোন অংশ বা কট্টর বামপন্থীরা জড়িত থাকতে পারে বলে তিনি দাবি করেন। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সূত্র: রয়টার্স