টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি 'আদি' ও 'মায়া' নামে প্রথমবারের মতো দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্র দুটির পরিচালক হলেন তানিম রহমান অংশু।
ছবিতে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী শায়লা সাবি বলেন, 'আজ চূড়ান্তভাবে দুটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলাম। যার একটির নাম 'আদি' আর অন্যটির নাম 'মায়া'। সবাই দোয়া করবেন যাতে কাজটি ভালোভাবে করতে পারি'। 'আদি' ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন এবিএম সুমন।
ছবি দুটির শুটিং সম্পর্কে পরিচালক বলেন, 'নভেম্বরের শুরু থেকেই 'আদি' ছবির শুটিং শুরু করব। আর ফেব্রুয়ারি থেকে 'মায়া'। কারণ 'মায়া' ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ এখনও চলছে। এ ছবিতে শায়লা সাবির বিপরিতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি'। 'আদি'র গল্প পরিচালকের আর চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ হাওলাদার। এ ছবিতে গান থাকছে মোট পাঁচটি। গানগুলো লেখার কাজ চলছে। আর এ গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করবেন অদিত। বাংলাদেশের বিভিন্ন লোকেশনে এ ছবির দৃশ্যধারণ হবে।
