ফিলিস্তিনে ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রীর উদ্বেগ

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ২০:২৫
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরিহ ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। এর সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
 
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, 'গত কয়েকদিন ধরে ইসরাইলি দখলদার বাহিনীর নৃশংসতায় আমি গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন। গত ৯ অক্টোবর ৭ ফিলিস্তিনীকে গুলি করে হত্যা এবং ১০ অক্টোবর দুই ফিলিস্তিনী শিশুকে হত্যা এবং আরো অনেক আহতসহ বহু ফিলিস্তিনীর প্রাণহানি ঘটেছে।'
 
প্রধানমন্ত্রী স্বাধীন স্বার্বভৌম এবং টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনী জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে বাংলাদেশের দ্ব্যর্থহীন অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জন্মভূমির স্বাধীনতার লক্ষ্য অর্জনে সরকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনীদের মহান আল্লাহ শক্তিদান করুন।’
 
নিহতদের পাশাপাশি আহত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আহতদের দ্রুত সেরে উঠার জন্য দেয়া করছি। আমি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতার নিন্দা জানাচ্ছি এবং এ জঘন্য অপরাধের সঙ্গে যুক্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’-বাসস