বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে এবার নাগরিকদের প্রতি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে হংকং। হংকং সরকারের নিরাপত্তা ব্যুরোর ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্কতা আপডেট করা হয়েছে। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের দূতাবাস থেকে বাংলাদেশে অবস্থানকারী দেশগুলোর নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছিল।
যেসব নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন বা সফর করতে চান তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিরাপত্তা ব্যুরোর ওয়েবসাইটটিতে পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশে বিক্ষোভ ও হামলার মুখে পড়ার সম্ভাবনার কথা জানিয়ে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে নজর রাখতে নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
নিরাপত্তা ব্যুরোর পক্ষ থেকে বিক্ষোভ ও বেশি মানুষের জমায়েত এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়। খুব বেশি প্রয়োজন না হলে পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে হংকং-এর নাগরিকদের।
হংকং-এর নিরাপত্তা ব্যুরো সম্প্রতি বাংলাদেশে বিদেশি নাগরিক নিহত হওয়ার কথা তুলে ধরে জানায়, সেপ্টেম্বরের শেষের দিকে রাজধানী ঢাকায় বিদেশি এক নাগরিকের ওপর হামলা হয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরাঞ্চলের জেলা রংপুরে আরেক বিদেশির ওপর হামলা হয়েছে। দুটি ঘটনাতেই আক্রান্তরা নিহত হয়েছেন।
বিদেশে নাগরিকদের ভ্রমণের ব্যাপারে তিন ক্যাটাগরিতে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণভাবে সিরিয়া ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। আর খুব বেশি প্রয়োজন না হলে মিশর, পাকিস্তান, লেবানন ও নেপাল ভ্রমণ করা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হয়েছে। এর পর বাংলাদেশসহ ১৭ টি দেশে নাগরিকদের জন্য নিম্নপর্যায়ের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
