সাফল্য নির্ভর করে সময়ের ওপর

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ০১:৩১

দীর্ঘ বিরতির পর অনেকটা ঘটা করে বলিউড সম্রাজ্ঞী ঐশ্বরিয়া রাই বচ্চন বড়পর্দায় ফিরলেও তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘জজবা’ খুব বেশি লাভের মুখ দেখতে পারেনি এখনও। বক্স অফিসে ‘হিট’ করবে বলে প্রত্যাশা করেছিলেন অনেকেই। কিন্তু মুক্তির প্রথম দিনে পৌনে ৪ কোটি রুপি তুলে আনলেও তেমন সাফল্যের দেখা পাচ্ছে না ‘জজবা’।

 
এ বিষয়ে ঐশ্বরিয়া জানান, ‘অনেকদিন পর ‘জজবা’ চলচ্চিত্রটির মধ্য দিয়ে আমি চলচ্চিত্রের রূপালিপর্দায় ফিরেছি। সেক্ষেত্রে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি ভালো অভিনয় করার। আর আমার মনে হয় আমি সেটা করতে পেরেছি। অভিনয়ের ক্ষেত্রে আমি কখনোই কোনো প্রকার ছাড় দেইনি।’
 
‘জজবা’ চলচ্চিত্রটির সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সবে মাত্র মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। আর আমার মনে হয় চলচ্চিত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে সময়ের ওপর। এক্ষেত্রে আমি এখনও আশা করছি ‘জজবা’ কয়েক সপ্তাহের মধ্যেই একটি ভালো অবস্থানে পৌঁছাবে।’  
 

গত ৯ অক্টোবর ভারতসহ বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জজবা’। কিন্তু বড়পর্দায় তার ফেরা যতটা প্রত্যাশা তৈরি করেছিল তার অর্ধেকও পূরণ হয়নি ‘জজবা’ দিয়ে। মুক্তির প্রথম দিনে যেখানে নতুন অভিনেতা সুরজ ও অভিনেত্রী আথিয়ার চলচ্চিত্র আয় করে ৫ কোটি রুপিরও বেশি, সেখানে সাবেক বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়ার বহুল আলোচিত চলচ্চিত্র আয় করেছে মাত্র ৪ কোটি রুপি! তাহলে কি এবার ঐশ্বরিয়া হতাশ করবেন তার ভক্তদের? যদিও চলচ্চিত্র বিশ্লেষকরা ‘জজবা’র ফ্লপ হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন। তবে চলচ্চিত্রটির ট্রেড বলছে, হয়তো সপ্তাহখানেক পর পূজোর সময় দর্শক ‘জজবা’ দেখতে সিনেমা হলে আসতে পারেন।