মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে ষষ্ঠ দফায় আরো ১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে সোমবার।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে ৭৩ বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনার কথা থাকলেও রবিবার রাত ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১০৩ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় তার নেতৃত্বে বিজিবি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধিদল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার রওনা দেবেন।
সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধিদল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১০৩ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। পুলিশের পক্ষ থেকে ওখানে তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে হস্তান্তর করা হবে। এখানে তাদের খাবার ও চিকিৎসা সেবা প্রদান করবে আইওএম।
