চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন লাখ ভারতীয় জাল রুপিসহ দু’জনকে আটক করেছে র্যাব সদস্যরা। রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দাদনচক এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন— শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের নুরতাজ আলীর ছেলে মঈন উদ্দীন (২০) ও একই ইউনিয়নের সোনার পাড়া গ্রামের হাসান আলীর ছেলে হেলাল উদ্দীন (২০)।
র্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলক বিশ্বাস জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়ের পাশে কতিপয় ব্যক্তি ভারতীয় জাল রুপি চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এক হাজার রুপি মূল্যমানের ৩০০টি ভারতীয় জাল রুপিসহ মঈন ও হেলালকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
