ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আট নেতা নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সংগঠনটির বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়েছে।
সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে জঙ্গিগোষ্ঠীটির শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি উপস্থিত ছিলেন না বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্র।
আইএসের বৈঠকে হামলা চালানোর পাশাপাশি বাগদাদিকে বহনকারী একটি গাড়ি বহরেও হামলা চালানো হয়েছে। গাড়ি বহরটি বৈঠকটির দিকে যাচ্ছিল। তবে বাগদাদিকে গাড়ি বহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি।
হামলার পর বাগদাদিকে গাড়িবহর থেকে সরিয়ে নেওয়া হয় এবং তখন তার শারীরিক অবস্থা কী ছিল তা জানা যায়নি বলে দাবি করেছে ইরাকি সামরিক বাহিনী।
আইএসের বিবৃতি প্রকাশে ব্যবহূত টুইটারের একটি সাইটে বাগদাদিকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর ‘গুজবকে’ মিথ্যা বলে দাবি করা হয়েছে।
বাগদাদ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযান চলাকালে বাগদাদি নিহত বা আহত হয়েছেন, এমন কোনো ইঙ্গিত দেখতে পায়নি যুক্তরাষ্ট্র।
কারাবালার হাসপাতাল সূত্রগুলো ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমান থেকে নিক্ষিপ্ত বোমা দুটি বাড়িতে বিস্ফোরিত হয়, এতে টাউনের আইএস পুলিশ বাহিনীর আট স্থানীয় নেতা নিহত হন।
