অর্থ পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আতাউর রহমান সোমবার এ দিন ধার্য করেন। খন্দকার মোশাররফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আংশিক শুনানি হওয়ায় আদালত পরবর্তী দিন ধার্য করে।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইনপরিপন্থী কাজ করেছেন।
তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নম্বর-১০৮৪৯২) জমা করেন, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫,৩৮১ টাকা।
খন্দকার মোশাররফ হোসেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।
ওই ঘটনায় ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
