একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগে কিশোরগঞ্জের পাঁচ ‘রাজাকারের’ বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরুর জন্য ৪ নভেম্বর দিন ঠিক করে দেয়।
পাঁচ আসামি হলেন- শামসুদ্দিন আহমেদ, গাজী মো. আব্দুল মান্নান, নাসির উদ্দিন আহমেদ ওরফে ক্যাপ্টেন এটিএম নাসির, মো. হাফিজ উদ্দিন ও মো. আজহারুল ইসলাম।
আসামিদের মধ্যে গ্রেফতার শামসুদ্দিন আহমেদ অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক।
প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে ছিলেন জেয়াদ আল-মালুম, সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামি শামসুদ্দিনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।
