একটি হত্যা মামলার ঘটনায় হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আসামিরা নিজ গ্রামে প্রবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রাণ ভয়ে পালাতে গিয়ে এক বৃদ্ধ গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবা মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন লহলামারী সাহেব গ্রামে। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত কান্তু আলির ছেলে সোহরাব আলি (৬৫)।
সোহরাব আলির ভাতিজা রিপন আলি ও তার জামাই শাহাজাহান আলি জানান, শুক্রবার রাত ৮টা ৫০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব আলী মারা গেছেন।
তারা আরো জানান, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চককীর্তি ইউনিয়নের ইউপি সদস্য ইয়াসিন আলি ফিটু নিহতের ঘটনায় মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রামে প্রবেশ করছিল। এ সময় নিহত ইয়াসিন আলি ফিটু মেম্বারের আত্মীয় মিতু (৩২) নুরুল, তোহিদ বাবু, মোহরসহ প্রায় ২৫/৩০ জন লোক পুলিশকে সংগে নিয়ে তাদের ধাওয়া করে। তারা প্রাণভয়ে দৌড় দেয়। এ সময় সাধারণ মানুষেরাও পালাতে থাকে। তখন পার্শ্ববর্তী আখিরা গ্রামে আলতাফের বাড়ির সামনে আম বাগানে সোহবার আলি (৬৫) (তালিকাভুক্ত আসামি নয়) পড়ে গেলে ফিটু মেম্বারের পক্ষের লোকজন তাকে দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে সোহরাব আলীর দুই পা ও দুই হাত ভেঙ্গে যায়। সর্বশরীরে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১নং ওয়ার্ডে ৩৪নং বেডে ভর্তি করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই মতিন জানান, ‘ঐ হত্যা মামলার নামীয় ১৫জন ও অজ্ঞাত ১০জন আসামির মধ্যে ৮জন হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। এ সময় আসামি না হয়েও প্রাণ ভয়ে পালাতে গিয়ে পড়ে যান সোহরাব আলি। নিহত ইয়াসিন আলি ফিটু মেম্বারের লোকজনের হাতে গুরুতর আহত হন তিনি। আমরা তাকে উদ্ধার করে একটি ভ্যানে করে চিকিৎসার জন্য পাঠাই।’
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে সিএনজির ধাক্কায় একজন নিহত
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ মসিউলা রহমান জানান, ‘মুত্যুর সংবাদটি আমাদের জানা ছিল না। শুনলাম। জরুরি ভিত্তিতে আইনুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’
ইত্তেফাক/নূহু
