জেরুজালেমে ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৫:৪৫
 
জেরুজালেমে ইসরাইলি পুলিশের গুলিতে এক জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ফিলিস্তিনি একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিলেন।
 
তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা ইসরাইলি পুলিশের দাবিকে নাকচ করে দিয়েছেন। তারা জানান নিহত ব্যক্তির হাতে কোন ছুরি ছিল না।
 
অপর এক জন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ফিলিস্তিনের মান সংবাদসংস্থা জানিয়েছে, নিহত ফিলিস্তিনি কাউকে ছুরিকাঘাত করার চেষ্টা করেননি। গুলি করার সময় তিনি এলাকাটিতে হাঁটছিলেন।
 
গত বেশ কিছুদিন থেকেই ওই এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইসরাইলের দাবি, তাদের ওপর হামলাকারীদেরকে হত্যা করেছে পুলিশ। ইসরাইলি পুলিশের মুখপাত্র লুবনা সামরি দাবি করেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একজনকে পকেট থেকে হাত বের করতে নির্দেশ দেয় পুলিশ। এর পরই একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের চেষ্টা করেন তিনি।
 
গত রবিবারও গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় শিশু কন্যাসহ এক ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারী নিহত হন। এই হামলায় তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়। সূত্র: আলজাজিরা