নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ৯ অক্টোবর চীনের বেইজিংয়ে 'ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ, চীন' উদ্বোধন করলেন। সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বেইজিং থেকে কুনমিং, সাংহাই, শেনজেন ও হংকং সফর করবেন। প্রতিটি শহরেই তিনি দেশটির সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সিভিল সোসাইটি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশ্যে তিনি সামাজিক ব্যবসা ও টেকসই বিশ্ব গড়ে তোলা নিয়েও ভাষণ দেবেন।
বেইজিংয়ে অনুষ্ঠিত ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ, চীনের উদ্বোধনী ভোজসভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকগণ, বিভিন্ন বিনিয়োগ কোম্পানী থেকে ব্যবসায়ী নেতারা এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ভোজসভার আয়োজন করেন মাল্টি-বিলিয়ন-ডলার কোম্পানি Koudai.com-এর প্রধান নির্বাহী বিশিষ্ট যুব উদ্যোক্তা জনাব ওয়াং কে। Koudai.com মোবাইল ফোন জগতে Alibaba-র পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। ওয়াং তাঁর মোবাইল ফোন প্ল্যাটফরমের মাধ্যমে ক্ষুদ্রঋণকে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ চায়নার সঙ্গে সামাজিক ব্যবসা যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে আগ্রহী। প্রফেসর ইউনূস তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী, বিশেষ করে চীনে সামাজিক ব্যবসা কর্মকাণ্ডের উপর জোর দেন।
গ্রামীণ চায়নার প্রধান নির্বাহী গাও ঝান সংক্ষেপে গ্রামীণ চায়নার উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন। গ্রামীণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এইচ আই লতিফী ১৯৯০ সাল থেকে চীনে গ্রামীণ ট্রাষ্টের কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরেন। তিনি গ্রামীণ চায়নার প্রতিষ্ঠাকে সাধুবাদ জানান এবং এই প্রতিষ্ঠানের সামাজিক ব্যবসা কর্মসূচিগুলো এগিয়ে নিতে গ্রামীণ চায়না টীমের নিরলস উদ্যোগের জন্য তাঁদের ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের চীনের সামাজিক ব্যবসা আন্দোলনে যোগদান করতে এবং এই আন্দোলনকে চীনে ও চীনের বাইরেও সম্প্রসারিত করতে আহ্বান জানান। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের মূল বিষয় বেকারত্ব মোকাবেলা, যাতে মানুষ বিশেষ করে যুব সমাজ চাকরীর পেছনে না ছুটে বরং নিজেরাই চাকরী সৃষ্টি করে।
