মেরকেলের অভিবাসন নীতি 'কাণ্ডজ্ঞানহীন': ট্রাম্প

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৭:৩২
 
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের অভিবাসন নীতিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরে এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের স্বাগত জানানোয় জার্মানিতে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি মনে করেন।
 
রবিবার সিবিএস নিউজের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমি সবসময়ই মেরকেলকে একজন মহান নেতা বলে মনে করতাম। তবে জার্মানিতে তিনি যা করেছেন তা কাণ্ডজ্ঞানহীন। এটা আসলেই কাণ্ডজ্ঞানহীন কাজ।'
IMG0
অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে ট্রাম্পের। এর পরও অভিবাসন নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিলেন ট্রাম্প।
 
উত্তর আফ্রিকা থেকে যাওয়া শরণার্থীদের বড় একটি অংশেরই গন্তব্য জার্মানি। দেশটির সরকার জানিয়েছে শুধুমাত্র এবছরই আট লাখ শরণার্থী জার্মানিতে গিয়ে পৌঁছাতে পারে। অপর দিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে মাত্র ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সূত্র: এএফপি