পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সুষ্ঠু বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ সংক্রান্ত ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এ নিয়ম না মানবে তারা ব্যাংক থেকে ঋণ পাওয়ার যোগ্য হবেন না।
প্রজ্ঞাপন পত্রে বলা হয়, পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আইন ও বিধিদ্বারা নির্ধারিত ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি উত্পাদন ও সরবরাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক কর্তৃক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রেক্ষিতে উপরোক্ত প্রতিষ্ঠানগুলো পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে তাদের ক্ষেত্রে ব্যাংক ঋণ সুবিধা প্রদেয় হবে না। এ বিষয়ে তাদেরকে লিখিতভাবে অবহিত করাসহ আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত উক্ত সিদ্ধান্তসমূহ যথাযথ বাস্তবায়নের জন্য আপনাদের নির্দেশ দেয়া হলো।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত কল্পে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও প্রজ্ঞাপন পত্রে বলা হয়েছে।
