সন্তানের কম্পিউটার গেম খেলার নেশায় ভুগতে হয় মা-বাবাকে। কারণ এতে পড়ালেখার বিঘ্ন ঘটে। আর পড়ালেখা না করলে গাড়ি-ঘোড়ায় চড়া যাবে না। বাংলায় প্রবাদই আছে, পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়ায় চড়ে সে। কিন্তু এবার জানা গেল পড়ালেখা না করেও গাড়ি-ঘোড়ায় চড়া যায়। আলিশান বাড়িও কেনা যায়।
২৩ বছরের জর্ডন গত বছরের ডিসেম্বরে হলিউডে একটি হিলটপ বাংলো কিনেছেন, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা। এই টাকাটা কেবল কম্পিউটার গেম খেলেই তিনি অর্জন করেছেন। এর বাইরে তার আর কোনো আয়ের উত্স নেই। আসেল জর্ডন ইউ টিউবে একটি ভিডিও চ্যানেল চালান। সকলের কাছে ‘ক্যাপ্টেন স্পার্কেলজ’ নামেই পরিচিত ইনি। এই চ্যানেলে জর্ডনের মাইনক্র্যাফ্ট গেমস খেলার ভিডিও দেখানো হয়। এর জন্য জর্ডনের সঙ্গে গেমস প্রস্তুতকারী সংস্থা পোলারিসের চুক্তি হয়েছে।
ইউ টিউব এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা শুনলেও বিস্মিত হতে হয়। ৮৮ লাখ। ১৯০ কোটি বারেরও বেশি জর্ডনের গেম খেলার ভিডিও দেখা হয়েছে অনলাইনে। এই বিরাট জনপ্রিয়তার জন্যই রোজগারের পরিমাণটাও বিরাট। যে বাংলোটি জর্ডন কিনেছেন তা দেখলে যে কোনো হলিউড তারকার কাছেও হিংসার কারণ হয়ে দাঁড়াতে পারে। হিংসা করতে পারেন। -বিজনেস ইনসাইডার
