পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের ‘গডফাদার’

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ০২:২৬

পাকিস্তানের সেনাবাহিনীকে তালেবানের ‘গডফাদার’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ফরিদ জাকারিয়া। তিনি সতর্ক করে বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দৃষ্টিভঙ্গি এখনো অপরিবর্তিত রয়েছে। তাই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে যুক্তরাষ্ট্রকে কৌশলগত ব্যর্থতার মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টি সামনে আনার চেষ্টা করছে না। তারা এমন মনোভাব দেখাচ্ছে যে, এই ইস্যুকে কীভাবে মোকাবেলা করতে হবে তা তাদের জানা নেই।

 
তিনি লিখেছেন, আশির দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করা মার্কিন সমর্থিত মুজাহিদীনদের ঘাঁটি ছিলো পাকিস্তান। ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েতরা পিছু হটলে যুক্তরাষ্ট্র দ্রুত নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর ওই কৌশলগত শূন্যতায় প্রবেশ করে পাকিস্তান। তারা সামনে এগিয়ে দেয় পশতুন তরুণ জিহাদী গোষ্ঠী তালেবানদের। এখন ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র তাদের বাহিনী সীমিত করছে পাকিস্তান তখন আবারো তাদের পুরানো কায়দায় প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে।
 

ভারতীয়-আমেরিকান বিশেষজ্ঞ জাকারিয়া আরো লিখেছেন, একটি শক্তিশালী সেনাবাহিনী জঙ্গিদের সহায়তা করছে এ বিষয়টি যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত আফগান সমস্যার সমাধান হবে না। সিএনএন এর সাপ্তাহিক একটি জনপ্রিয় টিভি শো’র পরিচালনাকারী ফরিদ জাকারিয়া আরো বলেছেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা করে যাচ্ছে এই ভান করতে সিদ্ধহস্ত পাকিস্তান। কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের সবচেয়ে মারাত্মক শত্রুকেই সহায়তা করে চলেছে।