সিরিয়ার সংকট নিরসনে ব্যর্থ হয়েছি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১২:৫৩

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার সংকট নিরসনে আমরা ব্যর্থ হয়েছি। তবে এজন্য তার কৌশল ভুল ছিল বলে বিভিন্ন সমালোচকের করা দাবির সঙ্গে একমত নন তিনি। এমনকি এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রভাবশালী নেতা বলে যেসব কথা বলা হচ্ছে সেটাও তিনি বিশ্বাস করেন না। প্রেসিডেন্ট ওবামা সিবিএস নিউজের জনপ্রিয় সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এ কথা বলেন। গতকাল সোমবার সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমে এই সাক্ষাত্কার প্রকাশিত হয়।

 
ওবামা বলেন, আমি বলিনি যে, সিরিয়ার সমস্যা এক বছরে সমাধান হয়ে যাবে। এটা একটা বড় ধরনের সংকট। পুরো বিশ্বের জন্য এটা সমস্যার। আমরা যে সংকট দূর করতে সমর্থ হইনি তা প্রথমবারের মতো আমিই স্বীকার করলাম। আর এটা সিরিয়ার অভ্যন্তরীণ অবস্থাকে দ্রুত পরিবর্তন করবে, বলেন ওবামা। প্রেসিডেন্ট ওবামা বলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটন ই-মেইল আদান-প্রদানে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করেছিলেন কিনা সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি স্বীকার করেন, সেটা হয়ে থাকলে নিরাপত্তা আইন ভঙ্গ হয়, কিন্তু তিনি মনে করেন না, হিলারি এক্ষেত্রে কোনো তথ্য লুকাতে চেষ্টা করেছিলেন। তিনি রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের এই মন্তব্যকে দু:খজনক বলে উল্লেখ করেন।
 

ওবামা বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকা অবস্থায় সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েও ইসলামিক স্টেট বা আইএসকে দমন করা সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট পুতিন তার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানালো কিনা এমন এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘আপনি যদি মনে করেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে একটি মাত্র মিত্রকে রক্ষার জন্য সেনা পাঠিয়ে বিমান হামলা চালাবেন তাহলে হয়তো আমাদের নেতৃত্বের ভিন্ন সংজ্ঞা দেখতে হবে। আমার কাছে নেতৃত্ব বলতে বোঝায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নেতৃত্ব দেয়া, পুরো বিশ্বকে এই নিশ্চয়তা দেয়া যে, ইরান পরমাণু অস্ত্র উত্পাদন করবে না’।