সচিবালয় স্থানান্তরের প্রস্তাব ফেরত পাঠাল একনেক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৭:০২
 
সচিবালয় রমনা থেকে শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার প্রস্তাব ফেরত পাঠিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী সভায় বলেছেন, প্রকল্প অনুমোদন দেয়ার আগে লুই আই কানের মূল নকশা এনে দেখতে হবে। আমাদের কাছে যে অনুলিপি আছে তাতে মূল নকশার বিচ্যুতি হচ্ছে কি না দেখতে হবে।
 
তিনি জানান, মূল নকশা পাওয়ার পর এই প্রকল্প আবার একনেকে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 
 
লুই কানের নকশা মিলিয়ে দেখার পর এই প্রস্তাব একনেকে তোলা হলে সে সময় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকবে কি না জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, মূল নকশা না দেখে কিছু বলা যাবে না। মূল নকশায় দেখতে হবে- সেখানে একটি মাজার, নাকি আরো মাজার আছে।
 
পরিকল্পনামন্ত্রী জানান, মার্কিন স্থপতি লুই কান ১৯৬২ সালে ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ও আশেপাশের এলাকা নিয়ে যে নকশা করেছিলেন সেটি এখন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে আছে।