মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বুধবার আপিল বিভাগে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
IMG0
মঙ্গলবার বিকেল তিনটায় শিশির মনিরের নেতৃত্বে মুজাহিদের পাঁচ আইনজীবী জেলগেটে আসেন। এরপর তারা কারাগারের ভেতরে ঢোকেন। অন্য চার আইনজীবী হলেন- মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন।
সাক্ষাত শেষে বিকেল চারটার দিকে বের হয়ে জেলগেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির। তিনি বলেন, ‘রিভিউ আবেদন চূড়ান্ত করার লক্ষ্যে আধা ঘণ্টা সাক্ষাত করেছি আমরা। বুধবার সকাল ১০টায় রিভিউ আবেদন দাখিল করবো।’
এর আগে গত ৩ অক্টোবর সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করে রিভিউ আবেদনের বিষয়ে দিক-নির্দেশনা নিয়ে আসেন তার আইনজীবীরা।
১৬ জুন মুজাহিদের আপিল মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
