‘ঠিক যেভাবে ইংল্যান্ড ইংলিশদের, ফ্রান্স ফরাসিদের, তেমনই ফিলিস্তিন শুধু আরবদের।’
মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠককালে এ কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকা।
প্রণবের এ সফরের মধ্য দিয়ে এই প্রথম প্যালেস্টাইনে পা রাখলেন ভারতের কোনো রাষ্ট্রপতি।
এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী সরকারের বহু মেরুর রাজনীতির দূত হয়ে পশ্চিম এশিয়ায় ভারসাম্যের বার্তা দিলেন রাষ্ট্রপতি।
এ ছাড়া, রামাল্লা কর্তৃপক্ষের হাতে রাষ্ট্রপতি টেকনো পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি গড়তে ১ কোটি ৮০ লাখ ডলার তুলে দিয়ে ফের সংঘর্ষক্লান্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত।
এ দিকে, তার এ সফরের মধ্য দিয়ে ইসরাইলের পাশাপাশি আরব দেশগুলিকেও বোঝালেন, এই নিপীড়িত মানুষের লড়াইাইয়ে তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। স্বাধীন ফিলিস্তিনের দাবির প্রতি প্রথম থেকেই সহানুভূতিশীল দিল্লি। আরব মুলুকের বাইরে ভারতই প্রথম প্যালেস্টাইনি মানুষের প্রতিনিধি হিসেবে ইয়াসির আরাফতের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল।
আশির দশকে এ অঞ্চলকে কূটনৈতিক স্বীকৃতিও দেয় নয়াদিল্লি। সেই কূটনৈতিক সিদ্ধান্তের শরিক ছিলেন প্রণব মুখার্জিও। তাই রামাল্লায় পা দিয়েই সেই ঐতিহ্যকে স্মরণ করতে চাইলেন তিনি। হোটেলে একটু বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে যান আরাফতের সমাধিতে।
প্রণব বলেন, ‘প্যালেস্টাইনকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় নয়া দিল্লি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইনের সীমানা সুনির্দিষ্ট থাকবে।’
