‘গণতন্ত্র ও গণমাধ্যম হচ্ছে হাতের এপিঠ-ওপিঠ। গণমাধ্যমকে বাদ দিয়ে গণতন্ত্রের চর্চা হয় না। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণমাধ্যমের কোনো বিকল্প নাই।’
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘গণমাধ্যম তথ্য নিয়ে নাড়াচাড়া করে। কিন্তু তথ্য কোনো পণ্য নয়, তথ্যের একটি সামাজিক মাত্রা রয়েছে। এ জন্য গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হচ্ছে নারী, শিশু, ভূখণ্ড, ইতিহাস, মানবমুক্তির আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি। এ দায়বদ্ধতা নিয়েই গণমাধ্যমকর্মীদের এগিয়ে যেতে হবে। এ দায়বদ্ধতা অস্বীকার করলে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে ক্ষতিগ্রস্ত হবে।’’
গণমাধ্যমের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আইন দ্বারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাই না, করা সম্ভবও নয়। কিন্তু বিবেক ও চেতনা দ্বারা এ দায়বদ্ধতাকে স্বীকার করে সাংবাদিকদের পেশায় কর্মরত থাকতে হবে। সমাজের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে।’
রাবি উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে রাবির উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান বিশেষ অতিথি ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবি’র মহাপরিচালক শাহ্ আলমগীর। সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজ শুভ।
