নির্বাচনে জন প্রতিনিধিত্বের জন্য দাড়ানোর অনুমতি পেলেও ভোটারদের সামনে কথা বলার অনুমতি পেল না সৌদি আরবের নারী প্রার্থীরা। দেশটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়, নারী প্রার্থীরা নিজেরা ভোটারদের সঙ্গে কথা বললে তার জন্য জরিমানা করা হবে!
সৌদি আরবে আসন্ন পৌর নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন ৩৬৬ জন নারী। কিন্তু সরাসরি পুরুষদের সামনে এসে নির্বাচনী প্রচারণা করতে পারবে না তারা। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পুরুষ এজেন্ট নিয়োগ দিতে হবে তাদের।
আরব নিউজ দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানায়, আগামী ১২ ডিসেম্বর সৌদি আরবে পৌর নির্বাচনে ভোটগ্রহণ হবে। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন ৩৬৬ জন নারী।
তবে নির্বাচনী প্রচারের জন্য শরিয়া আইন শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন এরই মধ্যে নারী ও পুরুষ সব প্রার্থীকে শরিয়া আইন ‘কঠোরভাবে’ মেনে চলার নির্দেশ দিয়েছে।
নারী প্রার্থীরা যেন তাদের নির্বাচনী কার্যালয়ে নারী ও পুরুষদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ রাখেন সে ব্যাপারেও কড়া নির্দেশনা রয়েছে কমিশনের। শরিয়া আইন অনুযায়ী, সৌদি নারীরা পরিবারের বাইরে পুরুষদের সঙ্গে অনুমতি ছাড়া দেখা করতে কিংবা কথা বলতে পারেন না।
কমিশনের মুখপাত্র জুদাই আল-কাহাতানির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নারী-পুরুষ সব প্রার্থীকেই তাদের নির্বাচনী প্রচারের জন্য কোনো ব্যক্তি অথবা কোম্পানিকে এজেন্ট হিসেবে নিয়োগ দিতে হবে। এজেন্টরাই তাদের হয়ে ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরবে।
নির্দশ অমান্যকারী প্রার্থীকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে উল্লেখ করে আল-কাহাতানি বলেন, 'প্রচারের জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের অবশ্যই পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।' নির্বাচনী প্রচারে নারী প্রার্থীরা তাদের ছবি ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়েছে কমিশন। বিডি নিউজ।
