জলবায়ু পরিবর্তন জনিত কারণে সৃষ্ট আশ্রয়হীন মানুষদের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং রাষ্ট্রকে তাদের যথাযথ স্থানান্তরের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জেনেভায় সুইজারল্যান্ড ও নরওয়ে সরকার আয়োজিত ‘নানসীন ইনিশিয়েটিভ কনসালটেশন’ শিরোনামে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে আশ্রয়হীন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অনেক সমস্যার মধ্যে আশ্রয়হীন একটি বড় সমস্যা। আমাদের সক্ষমতার মধ্যে এই সমস্যা সমাধানের উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে।
কেনিয়া, মাদাগাস্কার, কিরিবাতি, লিসোথোসহ বিভিন্ন দেশের মন্ত্রিবর্গ এবং ১৩২টি রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ দু’দিনব্যাপী এই সম্মেলনে যোগ দেন।
পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগদানের পাশাপাশি ‘এ টেল ফ্রম ক্লাইমেট গ্রাউন্ড জিরো : ক্লাইমেট চেঞ্জ, ল্যান্ড এন্ড পিপল অব বাংলাদেশ’ শিরোনামের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহ্সান, নানসীন ইনিশিয়েটিভের চেয়ারম্যানের দূত অধ্যাপক ওয়াল্টার কলিন, ফটোগ্রাফার দীন মুহম্মদ শিবলী এবং কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোসিয়াল ট্রান্সফরমেশন ট্রাস্ট (সিওএএসটি) এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের বুরখালটার সম্মেলনের উদ্বোধন করেন। ইউএনএইচসিআর এর সহকারী হাইকমিশনার ভিডিও বার্তার মাধ্যমে মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন। বাসস।
