সুরের মুর্ছনায় শ্রোতাদের মাতাতে 'তুমি কিছু বলো' শিরোনামের গানে কণ্ঠ দিলেন তরুণ কণ্ঠশিল্পী রিয়াজ লিটন। একটি মিক্সড অ্যালবামে খুব শিগগিরই গানটি প্রকাশিত হতে যাচ্ছে।
পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস। আর সবগুলো গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ। গানগুলো রেকর্ডিং করা হয়েছে সজীব দাসের নিজস্ব স্টুডিও ‘এসএমএস’ এ। রিয়াজ লিটন ছাড়াও এই মিক্সড অ্যালবামে আরো কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, অরিন, হৃদয়, শশী, পুলক, নির্ঝর, এমএস রানা, কদর, রনি, তনুকা, সিঁথী এবং রুবা।
গানটি সম্পর্কে ওয়ালিদ জানান, ‘শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেয়াই আমাদের উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখেই আমি এবং সজীব দাদা অ্যালবামটি সাজিয়েছি। আশা করছি ‘তুমি কিছু বলো’ শিরোনামের গানটি আপনাদের ভালো লাগবে।’
গান প্রসঙ্গে বরাবরের মতই কণ্ঠশিল্পী রিয়াজ বলেন, 'গতানুগতিক ধারার বাইরে কিছু করার চেষ্টা করছি দীর্ঘদিন ধরেই। এবার তেমন এক কাজে পাশে পেলাম সজীব দাদাকে। অ্যালবামের প্রতিটি গানে বেশ মুনসিয়ানা দেখিয়েছেন তিনি। গানের কথাও হৃদয়গ্রাহী। ওয়ালিদকে ধন্যবাদ এতো সুন্দর একটা লিরিক আমাকে দেবার জন্য।'
