বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: প্রধান বিচারপতি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ২২:৫২
‘বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের উপর কোন ধরনের হস্তক্ষেপ হচ্ছে না। যদি হতো তাহলে ব্রোকারি হয়ে যেতো। কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, সত্যি কথা বলতে গেলে ভারতের চেয়ে আমরা বেশি স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত।’
 
মঙ্গলবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জুডিশিয়ারি কনফারেন্সে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘আইনের শাসন বলতে আমরা বুঝি বিচারক বা আদালত। এটি আমি বিশ্বাস করি না। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবী, পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ দেশে যেদিন পুরোপুরি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেদিন  আর কোন দুর্নীতি থাকবে না।’
 
জুডিশিয়াল কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন জেলা দায়রা জজ বিপ্লব গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি এস এম মনিরউজ জামান বিপিএম, জেলা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। কনফারেন্স পরিচালনা করেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমা আক্তার ও সহকারী জজ শিরিন সুলতানা।