চলতি সপ্তাহকে হলিউড বক্স অফিসকে সুপারহিট ও ফ্লপের এক মিলনমেলা বলা যায়। কেননা, চলতি সপ্তাহের রিলিজ ম্যাট ডেমন অভিনীত ‘মার্শিয়ান’ সুপারহিট হিসেবে গণ্য হলেও খুব বেশি সুবিধা করতে পারেনি নতুন সিনেমা হিউ জ্যাকম্যান অভিনীত ‘প্যান’।
বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচক প্রশংসাও কুড়িয়েছে ‘মার্শিয়ান’। রিডলি স্কটের সাই-ফাই সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ১০ কোটি ডলারের বেশি। ধারণা করা হচ্ছে শিগগিরই আয় দ্বিগুণ হবে। ছুঁয়ে ফেলতে পারে ম্যাট ডেমনের সবচেয়ে হিট সিনেমা ‘দ্য বর্ন আলটিমেটাম’কে। ওই সিনেমাটি স্থানীয় বাজারে আয় করে ২২ কোটি ডলারের বেশি।
অন্যদিকে শিশুতোষ ক্লাসিক ‘পিটারপ্যান’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘প্যান’। এর বাজেট ১৫ কোটি ডলার। গ্রীষ্মে মুক্তির কথা থাকলেও কিছু দৃশ্য পুনঃরায় শুট করে মুক্তি দেওয়া হয় গত ৯ অক্টোবর। ধারণা করা হয়েছিল প্রথম তিন দিনে ২ কোটি ডলার আয় করবে ফ্যান্টাসি সিনেমাটি। সেখানে আয় করেছে দেড় কোটি ডলারের বেশি। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে উত্তর আমেরিকায় ‘প্যান’-এর ঝুলিতে যাবে সাড়ে তিন কোটি ডলারের মতো।
