রিভিউ করেছেন মুজাহিদ-সালাউদ্দিন কাদের

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৩:৪৩
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ে পুনর্বিবেচনায় রিভিউ পিটিশন করেছেন  জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার তাদের আইনজীবীরা সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।
 
সকালে মুজাহিদের পক্ষে ব্যারিস্টার শিশির মনিরসহ তার অন্যান্য আইনজীবীরা।
 
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের পক্ষে তার  আইনজীবী হুজরাতুল ইসলাম খান আল ফেসেনি রিভিউ পিটিশন করেন। আপিল বিভাগের রায়সহ প্রায় ৩৫০ পৃষ্ঠার রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এতে ১০টি আইনগত যুক্তি তুলে ধরে ফাঁসির রায় বাতিল করে সালাউদ্দিন চৌধুরীকে খালাস দেয়ার আবদেন জানানো হয়েছে।
 
রিভিউ দায়ের প্রসঙ্গে সালাউদ্দিন কাদেরের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ইত্তেফাককে বলেন, বৃহষ্পতিবার রিভিউ পিটিশন দাখিলের শেষ দিন। আমরা এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ দায়ের করব।
 
মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত্ করেন ব্যারিস্টার শিশির মো. মনিরের নেতৃত্বে একদল আইনজীবী কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে রিভিউ পিটিশন দায়েরের বিষয়ে আলোচনা করেন।
 
গত ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোটের্র আপিল বিভাগ সালাউদ্দিন কাদের ও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। রায় প্রকাশের পরদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। পরে ঐ পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয় ট্রাইব্যুনাল। মৃত্যু  পরোয়ানা পাওয়ার পর সালাউদ্দিন কাদের ও মুজাহিদকে পড়ে শুনিয়েছেন জেল সুপার।