নওগাঁয় যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১২:১৯
নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে দুলাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল হোসেন উপজেলার সুলতানপুর গ্রামের আমীর উদ্দীনের ছেলে।
 
তার মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে দুলালের সঙ্গে তার স্ত্রী কোহিনূর বেগমের বাকবিতণ্ডা হয়। ঘটনার পর অভিমান করে সবার অজান্তে বাড়ির ছাদে উঠে সেখান থেকে নিচে লাফ দেন দুলাল। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
পুলিশ বলছে, দুলাল বাড়ির ছাদে উঠে প্রায়ই মাদক গ্রহণ করতেন। ভোরে নেশাগ্রস্ত হয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
 
মহাদেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রফিক জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।