জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট বাধ্যতামূলক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৩:১৮
 
আগামী ১ জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট) এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ ছাড়া সারাদেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। বুধবার সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।
 
ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে, সেসব যানবাহনকে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আজই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
 
২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, ডিজিটাল নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন।