‘নির্দেশনা অনুযায়ী এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৫:২১
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দেন আমাদের প্রশাসন ঠিক সেভাবেই কাজ করে।
 
শিশু সৌরভকে গুলির ঘটনাসহ দায়েরকৃত দুই মামলায় এমপি লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আবেদন করে। শুনানি শেষে আজ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে। এর ফলে এমপি লিটনকে গ্রেফতারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারলে মাহবুবে আলম।
 
গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে এক শিশু আহত হয় বলে পরিবারের অভিযোগ। পরদিন সৌরভের বাবা সাজু মিয়া লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।
 
দুই বিদেশি নাগরিককে হত্যাসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দ্রুতই অগ্রগতি জানাতে পারব। আরেকটু অপেক্ষা করেন।
 
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কে তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করা হয়। পরে ৩ অক্টোবর রংপুরে নগরের উপকণ্ঠে কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিয়ো হোশি।