বেসরকারিভাবে শিক্ষক নিয়োগের জন্য পিএসসির আদলে একটি কমিশন গঠন করছে সরকার। নতুন কমিশনটির নাম হবে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি)। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিদ্যমান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জটিল ও এতে আর্থিক কেলেঙ্কারির সুযোগ রয়েছে। অনেক প্রার্থী ও নিয়োগকর্তা অনৈতিক পথ অবলম্বন করেন। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পান না। এজন্য আমরা এই কমিশন গঠনের উদ্যোগ নিয়েছি।
শিক্ষামন্ত্রী জানান, পিএসসি যেভাবে সারা দেশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, সেভাবে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। খুব শিগগির এই ব্যবস্থা কার্যকর করা হবে।
