হোটেলে কিশোরী ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৬:৫৫

 

বগুড়ার আদমদীঘির সান্তাহার একটি হোটেলে  এক কিশোরী ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার মূল আসামি রিপনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসআই শাহিন রেজা গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান,  নাটোরের লক্ষীকোরের সেন বাগের অরুন পালের ছেলে রিপন ৫/৬ বছর পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। এরপর ডাকমণ্ডপ গ্রামের রফিকুল ইসলামের মেয়েকে বিয়ে করে সেখানে বসবাস করেন।

গত ৩ অক্টোবর বগুড়ার নন্দীগ্রামের দাঁতমানিকা গ্রামের ঐ কিশোরী (১৪) ও তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বড় বোনের বাড়ী নাটোরের কোচকুড়ি যাওয়ার জন্য রওনা দেয়। তারা সিংড়ার শেরকোল বাজারে পৌঁছালে রিপন ঐ কিশোরীকে ফুসলিয়ে সিনেমা হলে ছবি দেখতে নিয়ে যায়। সিনেমা দেখা শেষ হলে নাটোর থেকে ট্রেন যোগে সান্তাহার এসে আবাসিক হোটেলে রিপন ঐ কিশোরীকে ধর্ষণ করে। পরে তাকে রাতেই ট্রেনযোগে নাটোর রেলস্টেশনে পৌঁছে কিশোরী ও তার ছোটবোনকে ফেলে রেখে রিপন পালিয়ে যায়। এই ঘটনায় গত ৫ অক্টোবর কিশোরীর বাবা বাদী হয়ে আদমদিঘী থানায় একটি মামলা করেন।