জম্মু ও কাশ্মীরে গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা নিয়ে শুনানি জম্মুর হাইকোর্টে করার রিট আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির।
ভারতের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি অরুণ মিসরাকে নিয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি খারিজ করেন। রিটে বলা হয়েছিল—শুনানিটি শ্রীনগরে অনুষ্ঠিত হলে সেখানকার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। সে কারণে জম্মু হাইকোর্টে শুনানি করার আবেদন করা হয়েছিল।
প্রধান বিচারপতি দাত্তু বলেন—তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি এন পাল বসন্ত কুমারের সাথে আলোচনা করেছেন। বসন্ত কুমার তাকে জানিয়েছেন—শ্রিনগরে শুনানি হলে কোনো সমস্যা হবে না। শুনানিটি জম্মু অথবা শ্রিনগর ছাড়া অন্য কোথাও করার জন্য রিট আবেদন করেছিলেন মারিমক্স সেথ।
গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জম্মু কাশ্মীরের হাইকোর্ট দ্বিধা-বিভক্ত রায় দেয়ার পর ভারতের সুপ্রিম কোর্ট এ বিষয়ে শুনানির জন্য সেখানকার প্রধান বিচারপতিকে তিনজন বিচারপতি নিয়ে একটি বেঞ্চ গঠন করতে নির্দেশ দেয়।
