দেশের পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘দেশের পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’
সম্প্রতি দুই বিদেশি হত্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, ‘বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। একটি পরিস্থিতি সৃষ্টির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।’
ইহসানুল করিম জানান, বর্তমান বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একে অন্যের পরের ওপর নির্ভরশীলতার কথা তুলে ধরে পারস্পরিক সহযোগিতার কথাও বলেন। পানি ব্যবস্থাপনা এবং জাহাজ নির্মাণ শিল্পে নেদারল্যান্ডসের সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।
‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ এবং টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য আইটিইউ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান লিওনি কুলিনারে। সহস্রাব্দ লক্ষ্যমাত্রা বা এমডিজি পূরণে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও নতুন রাষ্ট্রদূত করেন বলে প্রেসসচিব জানান।
