চীনের সাথে যুদ্ধে মার্কিন সহযোগিতা চেয়েছিলেন নেহেরু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ২০:০৫
 
১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সহযোগিতা চেয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। চীনের অগ্রযাত্রা ঠেকাতে মার্কিন বিমানবাহিনীকে যুদ্ধে জড়াতে কেনেডিকে অনুরধ করেন তিনি। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র কর্মকর্তা ব্রুস রিয়েডেলের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
 
'জেএফকে'জ ফরগটেন ক্রাইসিস: টিবেট, দ্য সিআইএ এন্ড দ্য সিনো-ইন্ডিয়ান ওরার' শিরোনামের বইটিতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন লেখক। বলা হয়েছে, তৃতীয় বিশ্বের নেতা হিসেবে নেহেরুর উত্থান ঠেকাতে গণ চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং ভারত আক্রমণ করেন। ভারতের 'ফরোয়ার্ড পলিসি' চীনকে বিক্ষুব্ধ করেছিল বলে লিখেছেন রিয়েডেল।
 
বইটিতে বলা হয়েছে মাও-এর প্রধান শত্রু ছিলেন নেহেরু। ভারতের পরাজয়ের মাধ্যমে নেহেরুর মিত্র কেনেডি ও তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশচেভকেও বার্তা দিতে চেয়েছিলেন বলে লিখেছেন রিয়েডেল।
 
যুদ্ধে ভারতের ভূখণ্ডে চীনের অগ্রযাত্রা ঠেকাতে মার্কিন বিমান বাহিনীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেন নেহেরু। চিঠিটি সে বছর ১৯ নভেম্বর ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত নিজ হাতে কেনেডির কাছে পৌঁছে দিয়েছিলেন।
 
তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে চীন। এই সীমান্ত সমস্যা শেষ পর্যন্ত যুদ্ধে গড়ায়। এই যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়েছিল।
 
যুদ্ধের পর আকসাই এলাকাটি চীন দখলে রাখলেও অরুণাচল প্রদেশ ভারতকে ফিরিয়ে দেয়। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য ভারতকে সমর্থন করে, অন্যদিকে পাকিস্তান চীনকে সমর্থন জানিয়েছিল।