শিশু সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বৃহস্পতিবার ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে ঢাকায় ফিরবেন তিন পুলিশ কর্মকর্তা।
গত ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে কামরুল ও তার সহযোগীরা। ওই ঘটনার তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরমধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার দু’দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করেন।
কামরুলকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন এ তিন কর্মকর্তা গত ১২ অক্টোবর সৌদি আরব যান।
