ভারতের শিল্প অধ্যুষিত রাজ্য গুজরাটে টেক্সটাইল শিল্প পার্ক স্থাপন করতে চায় বাংলাদেশ। ভারতে উত্পাদিত তুলা ব্যবহার করে সেখনে সুতা ও কাপড় উত্পাদন করতে চায়। প্রাথমিকভাবে আড়াই শ থেকে তিন শ কোটি রুপি বিনিয়োগ করার লক্ষ্যে ১০০ একর জমি চাওয়া হয়েছে স্থানীয় সরকারের কাছে। সম্প্র্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে চীনও সেখানে বিনিয়োগ করেছে। গত মাসে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নেতৃত্বে্ একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল গুজরাট সফর করে। ওই সফরে কটন অ্যাসোসিয়েশন ছাড়াও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিরাও ছিলেন।
গুজরাট সরকারের ইন্ডাস্ট্রিয়াল কমিশনার মমতা বার্মা বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশ ইয়ার্ন (সুতা) উত্পাদন করলেও পরবর্তীতে তৈরি পোশাকও উত্পাদন করবে। বাংলাদেশ বর্তমানে গুজরাট থেকে সুতা আমদানি করে। এখানে সুতার কারখানা হলে তাদের ব্যয় কমবে।
জানা গেছে, গুজরাটে স্পিনিংয়ের ক্ষেত্রে সরকারের প্রণোদনা রয়েছে। কাঁচামাল (তুলা) আর গ্যাস-বিদ্যুতের সুবিধা রয়েছে। ফলে অনেক কোম্পানি গুজরাটে শিল্প স্থাপন করেছে। প্রতি বছর বাংলাদেশ প্রায় ৫৫ লাখ বেল তুলা আমদানি করে। এর ৭০ শতাংশই ভারত থেকে আসে।
