ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসেবে ইউটিউব অতুলনীয়। তবে দের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুক। সম্প্রতি ফেসবুক নতুন এক ভিডিও সেকশন নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে যা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে আরও বেশি ভিডিও সহায়ক করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে এক বিশেষজ্ঞের মতামত, ফেইসবুকের এই উদ্যোগ গুগল নিয়ন্ত্রিত ইউটিউবকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলবে। ভিডিও দেখার সাইট ইউটিউব দীর্ঘদিন ধরে ইন্টারনেটের বিজ্ঞাপন নির্ভর ভিডিও শেয়ারের ক্ষেত্রে একক আধিপত্য করে আসছে। ফেসবুক জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে থাকায় নতুন ফিচারটি অল্প কিছু ব্যবহারকারী দেখতে পাবেন। অ্যাপ সংস্করণে নতুন ফিচারটি ফেইসবুক স্ক্রিনের নিচের দিকে থাকবে, তবে ওয়েব পেইজে উপরের বামপাশে থাকবে। ভবিষ্যতে ফিচারটিতে একটি অনুসন্ধান অপশনও যোগ করা হতে পারে। একটা ক্লিপ দেখে আরেকটা সহজে যাওয়ার সুবিধা থাকবে এতে। এছাড়া এতে বিভিন্ন ক্লিপস সেইভ করে রাখার সুবিধাও থাকবে।
চলতি বছরের শুরুতে এক বিবৃতিতে ফেসবুক জানায়, সাইটটিতে দিনে চার বিলিয়ন ভিডিও ক্লিপ ভিউ হয়ে থাকে। নতুন নতুন ফিচার যোগ করার কারণে শিগগিরই নেটওয়ার্কিং সাইটটি যে ইউটিউবকে পেছনে ফেলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিবিসি।
