পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর এবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর গোপন নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার নেতাজীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব নথি প্রকাশের ঘোষণা দেন। খবর এনডিটিভির।
২০১৬ সালের ২৩ জানুয়ারি নেতাজীর ১১৮তম জন্মবার্ষিকীর দিন থেকে প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত নেতাজীর শতাধিক গোপন নথি প্রকাশ করা হবে।
এর আগে সুভাষ চন্দ্র বসুর গোপন নথি প্রকাশের বিষয়ে টুইটও করেছেন মোদী।
সুভাষ বসুর বিষয়ে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের হাতে থাকা গোপন নথিও প্রকাশের দাবি রয়েছে। ডিসেম্বরে রাশিয়ার কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কলকাতা পুলিশের সংগ্রহশালায় থাকা নেতাজীর বিষয়ে গোপন ৬৪টি নথি প্রথমবারের মতো প্রকাশ করা হয়।
