রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলাটিতে ফখরুলের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করা হয়।
শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
